১৬ মার্চ ২০২৫, ১:১৮ অপরাহ্ণ
ইমাম উদ্দিন, জৈন্তাপুর (সিলেট) : জৈন্তাপুর সীমান্তে ভারতীয় অবৈধ চোরাকারবারিদের হামলায় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিজিবি)’র দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। সম্প্রতি জৈন্তাপুর সীমান্ত এলাকায় ভারতীয় অবৈধ চোরাচালান কার্যক্রম বেড়ে যাওয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গত ১৫ মার্চ, শনিবার রাত আনুমানিক ৯:৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমানা পিলার-১২৮৮ নম্বর সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় গরু-মহিষসহ নানা অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে জৈন্তাপুর রাজবাড়ি সীমান্ত ফাঁড়ি (বিজিবি)’র টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা তাদের ওপর হামলা চালায়। এতে দুই বিজিবি সদস্য আহত হন।
আহত বিজিবি সদস্যদের নাম হারুনুর রশিদ (৩৫) এবং মোং জমশেদ হোসেন (২৯)। স্থানীয়রা ও বিজিবি’র অন্যান্য সহযোগীরা আহত সদস্যদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত হওয়ায় একজন বিজিবি সদস্যকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর বিওপি’র দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডারের সরকারি মোবাইল নম্বর (০১৭৬৯-৬১৩০৮৮)-এ যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, চোরাকারবারিদের হামলায় টহল দলের দুই বিজিবি সদস্য আহত হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে কোনো পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ চোরাচালান কার্যক্রম ব্যাপক হারে বেড়ে গেছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।