শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ মার্চ ২০২২, ৩:৪১ অপরাহ্ণ

হবিগঞ্জে মধ্যরাতে আপন ভাগ্নের হাতে মামী খুন’র অভিযোগ

আপডেট টাইম : মার্চ ২১, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ



শেয়ার করুন

হবিগঞ্জ সংবাদদাতাঃ-হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মধ্যরাতে ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন। অভিযোগ ওঠেছে আপন ভাগ্নে ছুরিকাঘাত করে তার মামীকে খুন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে থানায় নিয়ে গেছে।

নিহত বিনা বেগম (৩০) শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগানীপাড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে রুনা আক্তার জানান, তার মাসহ পরিবারের সদস্যরা রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে বিনা বেগমের চিৎকার শুনে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। রুমে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রতন মিয়া জানান, তার ফুফাতো ভাই শুক্কুর আলীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে তাদের পূর্ব বিরোধ ছিল। কয়েকদিন পূর্বে তা সমাধান হয়। এরপর শুক্কুর আলী তাদের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার সময়ও সে তাদের বাড়িতে ছিল।

রতন মিয়া বলেন, মধ্যরাতে শুক্কুর আলী প্রতিশোধ নিতেই তার মাকে উপর্যপূরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শুক্কুর আলী চুনারুঘাট উপজেলার নালুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকান্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত ডা. আবিদুর রেজা জানান, নিহত নারীর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। যার কারণে তার শরীর থেকে প্রচুর রক্তকরণ হয়ে মারা গেছে।

শেয়ার করুন