13 February 2022, 10:59 AM
১। কোভিড থেকে সেরে ওঠার পর অফিস যাওয়া ও অন্যান্য স্বাভাবিক কাজকর্ম শুরুর আগে কিছুদিন বিশ্রাম নেওয়া প্রয়োজন। কেননা, অনেকের ক্ষেত্রেই শারীরিক দুর্বলতা যেমন থাকে, তেমনই থাকে চিন্তাভাবনা এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কা। ডাক্তারি পরিভাষায় একে বলে ‘ব্রেন ফগ’।
২। বিভিন্ন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে জানা গেছে, করোনা-মুক্ত হওয়ার পর প্রায় ৩০ শতাংশ মানুষ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দে ভোগেন। তবে ব্যাপারটা সাময়িক। পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশ্রাম নিলে ক্রমশ স্বাভাবিক হয়ে যায়।
৩। কোভিড-১৯ সংক্রমণের পর যাঁরা মাঝারি বা মৃদু উপসর্গ নিয়ে বাড়িতে ছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে ১০–১২ দিনের মধ্যেই তাঁরা ভাইরাস-মুক্ত হন। কিন্তু শারীরিক দুর্বলতা থেকে যেতে পারে। কেউ কেউ দু’সপ্তাহের মধ্যে ফিট হয়ে যান, কারও আবার মাসাধিক কাল দুর্বলতা থাকতে পারে। অনেকের আবার সুস্থ হতে ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত সময় লাগে, একে বলে ‘লং কোভিড’।
৪। করোনারভাইরাস শরীর থেকে চলে যাওয়ার পরে শরীরে যে সাইটোকাইন থেকে যায়, তার প্রভাবে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের কিছু না কিছু সমস্যা চলতেই থাকে। হজম ক্ষমতা কমে যায়, এর ফলে একদিকে খাবার ইচ্ছে থাকে না। পেশির কার্যকারিতা কমে গিয়ে হাঁটা-চলায় অসুবিধে হয়। নার্ভ কমজোরি হয়ে পড়ায় দুর্বলতা থাকে। অনেক সময় মেজাজ খিটখিটে হয়ে যায়। ঘুম কমে যায় ও অনিয়মিত পিরিয়ডের সমস্যাও দেখা দিতে পারে। তবে ধীরে ধীরে এগুলি স্বাভাবিক হয়ে যায়। এই সময়ে স্বাভাবিক কাজ করতে কিছুটা সমস্যা হতে পারে।
৫। কোভিড-১৯ সংক্রমণের পর অনেক ক্ষেত্রে হৃদপিণ্ড, ফুসফুস এবং মাংসপেশীর কার্যকারিতা কমে যাবার ঝুঁকি থাকে। তাই কোভিড থেকে সেরে ওঠার পরও সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। করোনা শরীর থেকে চলে গেলেও তার করা ক্ষয়ক্ষতি ঠিক হতে কিছুটা সময় লাগে। প্রত্যেকটি মানুষের রোগের ধরণ ও শরীরের অবস্থা এক নয়, এক এক জনের ক্ষেত্রে এক এক রকম উপসর্গ ও অসুবিধা দেখা যায়। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার ব্যাপারটাও তাই।
৬। কোভিড থেকে সেরে ওঠার পর কোনও উপসর্গ থাকলে তো বটেই, না থাকলেও কিছু রুটিন পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কোভিডের সব উপসর্গ থেকে সম্পূর্ণ সেরে ওঠার দুই থেকে ৩ সপ্তাহ পরে রক্তের কিছু রুটিন টেস্টের প্রয়োজন আছে। রুটিন টেস্টের পাশাপাশি ফুসফুস, হৃদপিণ্ড, লিভার, কিডনির কিছু নির্দিষ্ট পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।
৭। কোভিড থেকে সেরে ওঠার পরও মাস্ক পরা, সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব ও জনসমাগম এড়িয়ে চলা অপরিহার্য।
নিজে কোভিড ভ্যাক্সিন নিন এবং অন্যকে ভ্যাক্সিন নিতে উৎসাহিত করুন।
লেখকঃ বক্ষব্যাধি,এজমা ও শ্বাসরোগ বিশেষজ্ঞ