২৮ নভেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ
সুয়েব রানা:
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের কালিজুরি পীরের বাজার এলাকায় ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে তুলে ধরার লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন।
বক্তব্যের শুরুতেই তিনি অতীত দিনের লড়াই-সংগ্রামের কিছু আবেগঘন মুহূর্ত স্মরণ করেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে দলের নির্দেশনায় যখন এই এলাকায় একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম, তখন তৎকালীন পুলিশ আমাকে সেই কর্মসূচি করতে দেয়নি। অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও আমি বিএনপির পাশে ছিলাম, স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এক হয়ে কাজ করেছি।
তিনি আরও জানান, সেদিন মিটিং শেষে রাতের অন্ধকারে নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল সবচেয়ে বড় দায়িত্ব। ভয়-ভীতিকে পাশে ফেলে দলের স্বার্থ ও দলীয় পরিবারকে রক্ষা করাই ছিল আমার একমাত্র চিন্তা। এই স্মৃতিচারণে উপস্থিত অনেক নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন।
পাশাপাশি তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের সামনে তুলে ধরেন এবং বলেন যে এই দফাগুলো দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক কাঠামো, বিচারব্যবস্থা ও নাগরিক অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব এম এ মতিন, সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব সুলেমান সিদ্দিকী, ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব লোকমান হোসেনসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল মুত্তলিব মেম্বার, আছাব আলী, খলিলুর রহমান, মাওলানা শেরগুল আহমেদ, ডা. আবুল খায়ের, এম এ আমজাদ, যুবনেতা মাসুক আহমদ মাসুকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে ধারাবাহিকভাবে তৃণমূল পর্যায়ে গণসংযোগ চলবে।
সকলের উপস্থিতি ও অংশগ্রহণে পীরের বাজারে অনুষ্ঠিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।