শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ মার্চ ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ

বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশন ইউকের উদ্যোগে রমাদান ফুড বিতরণ

আপডেট টাইম : মার্চ ৫, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ



শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় পবিত্র রমাদান মাস উপলক্ষে অসচ্ছল মানুষের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রবাসী সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে। মানবিক এই উদ্যোগের আওতায় উপজেলার দুই শতাধিক পরিবারের মধ্যে প্রায় ছয় লাখ টাকার রমাদান ফুড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৫ মার্চ বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা।

তিনি বলেন, প্রবাসীরা সব সময় দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করার ক্ষেত্রে প্রবাসীরা অগ্রণী ভূমিকা পালন করেন। বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়েও প্রবাসী বাংলাদেশিরা দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে। সকলের সহযোগিতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে নেওয়া এসব প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এতে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত হবে। দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত সিলেট ২ আসনের মানুষও উন্নয়নের সুফল থেকে বঞ্চিত থাকবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জননেতা এম ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের সভাপতি হোসাইন আহমদ প্রভেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল রেজা ও সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন ইমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম রুবি, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ লুৎফুর রহমান, জেলা বিএনপির নেতা ময়নুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার এবং সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান রিপনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন সংগঠনের সভাপতি আহমদ আল জাকি। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য জামিল আহমদ এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের অর্থ সম্পাদক নুর উদ্দিন সামী।

রমাদান মাসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্থানীয়রা প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন। আয়োজকদের মতে, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। মানবতার কল্যাণে এমন উদ্যোগ প্রমাণ করে, দূর প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি প্রবাসীদের ভালোবাসা কখনো কমে না।

শেয়ার করুন