শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ মার্চ ২০২৬, ৭:২২ অপরাহ্ণ

সিলেট সদরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, তিনজনের কারাদণ্ড

আপডেট টাইম : মার্চ ১১, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট সদর উপজেলার ধোপগুল এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ। অভিযানে সার্বিক সহযোগিতা করে এয়ারপোর্ট থানা পুলিশ।

অভিযানে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিরা প্রায় তিন হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে তা বাজারে অধিক দামে বিক্রি করছিলেন। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং সাধারণ ভোক্তারা ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা দেখা দেয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৯২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পাশাপাশি পাঁচটি খালি ড্রাম, একটি অর্ধপূর্ণ ড্রাম, চারটি পূর্ণ ড্রাম, ড্রাম থেকে তেল ভরার সরঞ্জাম এবং তেল ঢেকে রাখার জন্য ব্যবহৃত তেরপল জব্দ করা হয়।

এ অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ধারা ৩ লঙ্ঘনের দায়ে ধারা ৬ অনুযায়ী তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন উছমান পিতা নুনু মিয়া, জাকির হোসেন পিতা লুলু মিয়া এবং হাফিজ মো লাহিন মিয়া পিতা মজু মিয়া।

অভিযান শেষে জব্দকৃত তেল বাজেয়াপ্ত করা হয়েছে। পরে সরকারি নির্ধারিত মূল্যে তা বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থ রক্ষায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন