৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঢালা এলাকায় নদী পরিদর্শনকালে অবৈধ জাল দিয়ে মাছ আহরণের ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাছ আহরণের দায়ে পাঁচজন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত)-এর ধারা ৫ (১) অনুযায়ী পাঁচজন জেলেকে পাঁচ মাসের (১৫০ দিন) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ সময় বলেন, “সরকার দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। অবৈধ জাল ব্যবহার ও প্রজনন মৌসুমে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।” তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন এবং মৎস্যসম্পদ রক্ষায় সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান।
পরিদর্শনকালে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া ও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । উল্লেখ্য, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া সাম্প্রতিক সময়ে দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা বালুমহাল ও রাবার ড্যাম পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখছেন ।